• দেশজুড়ে
  • গাজীপুরে গাছা খাল পুনঃখনন উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ

গাজীপুরে গাছা খাল পুনঃখনন উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে গাছা খাল পুনঃখনন উদ্বোধন  জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ,গাজীপুরঃ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নগরের পরিবেশ সুরক্ষা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গাজীপুর মহানগরের গাছা খালের উন্নয়ন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ' শীর্ষক প্রকল্পের আওতায় এ পুনঃখনন কার্যক্রম শুরু হয়। গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী রেলগেইট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, মোঃ শওকত হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়ালি-উল- হক, পানি সম্পদ পরিচালনা সংস্থার পরিচালক মোঃ লুৎফুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মহিউদ্দিন আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নগরাঞ্চলগুলোতে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও জলপ্রবাহের স্বাভাবিক ধারা ব্যাহত হওয়ার মতো সমস্যা ক্রমেই বাড়ছে। এসব সমস্যা মোকাবেলায় খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, গাছা খালের পুনঃখনন ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং আশপাশের এলাকার পরিবেশের উন্নতি ঘটবে। একই সঙ্গে প্রকল্পের আওতায় খালের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা নগরবাসীর জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।