• দেশজুড়ে
  • পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের এক শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদের সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) এবং তাদের ৪ মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহ আল হুজাইফা। শরিফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি এলাকার মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাটগ্রামে পদক্ষেপ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। সকাল সাড়ে ৬টার দিকে মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত খালি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তাদের শিশু সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় তাদের আরেক সন্তান শোয়াইব হোসেন (১০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Tags: নিহত পরিবার সড়ক দুর্ঘটনায় পাটগ্রামে