আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, বাংলাদেশের ইতিহাসে এবারই ঈদযাত্রায় জঘন্যতম অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে।
ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। কিন্তু এবার তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।’
সরকারকে দায় নেওয়ার আহ্বান ঈদযাত্রার এই বিশৃঙ্খলার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে ধরনের বক্তব্য দিয়েছেন, মূলত সেটিই এই অব্যবস্থাপনার মূলভিত্তি।
বাস ভাড়া নিয়ে বিভ্রান্তি ও মিথ্যাচার জামায়াত আমির অভিযোগ করেন, ভাড়া নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখার কেউ নেই।’
ফ্যাসিবাদ নিয়ে হুঁশিয়ারি দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি আবারও দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা কোনোভাবেই বরদাশত করবে না।’ তিনি সময় থাকতে সরকারকে সাবধান হওয়ার পরামর্শ দেন এবং অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই দায় বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন।