বিওয়াইডি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর প্রায় দুই বছর পর নতুন এই প্লাগ-ইন হাইব্রিড মডেলটি উন্মোচন করল। বর্তমানে দেশে এই ব্র্যান্ডের তিনটি মডেল পাওয়া যাচ্ছে।
দাম ও প্রি-বুকিং সুবিধা নতুন বিওয়াইডি সিলায়ন-৫ মডেলটির নিয়মিত বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা। তবে বিশেষ অফার হিসেবে প্রথম ৫০০ জন গ্রাহক গাড়িটি ৪৭ লাখ ৯০ হাজার টাকায় কেনার সুযোগ পাবেন। সিজি-রানার বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে গাড়িটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে এবং বর্তমানে প্রি-বুকিং চলছে।
জ্বালানি সাশ্রয় ও ব্যাটারি পারফরম্যান্স সিজি-রানার বাংলাদেশ লিমিটেডের তথ্যমতে, সিলায়ন-৫ একবার সম্পূর্ণ চার্জ করলে বৈদ্যুতিক মোডে সর্বোচ্চ ৭১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তবে ইলেকট্রিক মোটর ও অকটেন ইঞ্জিনের সমন্বিত শক্তিতে এটি ১ হাজার কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। কোম্পানিটি দাবি করছে, শুধু বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে চালালে প্রতি কিলোমিটারে ব্যয় হবে মাত্র ২.৫ থেকে ৩ টাকা।
গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিওয়াইডি তাদের এই মডেলে ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে। এ ছাড়া মোটরের জন্য ৮ বছর এবং পুরো গাড়ির জন্য ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা থাকছে।
আধুনিক নকশা ও গতি বিওয়াইডির ‘ওসেন অ্যাসথেটিকস’ বা সামুদ্রিক নন্দনতত্ত্বের ধারণা থেকে তৈরি এই এসইউভিটির নামকরণ করা হয়েছে সামুদ্রিক প্রাণী ‘সিলায়ন’-এর নামে। গাড়িটির সামনের অংশে রয়েছে বড় ফ্রন্ট গ্রিল ও আকর্ষণীয় এলইডি হেডলাইট। শক্তিশালী ইলেকট্রিক মোটর ও ১৫০০ সিসির অকটেন ইঞ্জিনের সমন্বয়ে এটি মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।
অভ্যন্তরীণ সুবিধা ও নিরাপত্তা সিলায়ন-৫-এর ভেতরে রয়েছে ১২.৮ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে, সিনথেটিক চামড়ার সিট, প্যানারোমিক সানরুফ এবং ছয় স্পিকারের সাউন্ড সিস্টেম। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে কথা বলেই গাড়ির এসি, জানালা বা সানরুফ নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া এনএফসি কার্ডের মাধ্যমে চাবি ছাড়াই গাড়ি চালু ও বন্ধ করা সম্ভব।
নিরাপত্তার জন্য গাড়িটিতে ৭টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) ব্যবহার করা হয়েছে। কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইটসহ মোট চারটি ভিন্ন রঙে গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে।