• খেলা
  • বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি

বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি

খেলা ১ মিনিট পড়া
বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি

আন্তর্জাতিক প্রীতিম্যাচ আজ

দিন কয়েক পর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনামের সঙ্গে খেলে নিজেদের প্রস্তুতি পূর্ণ করতে চায় লাল-সবুজের জার্সিধারীরা। আজ হ্যানয়ের হ্যাঙ ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে গত নভেম্বরে ঢাকার মাঠে ভারতকে হারিয়েছে। ইংলিশ ফুটবলের তারকা হামজা চৌধুরী দলে যোগ হওয়ার পর এ জয় ছিল বিরাট এক অর্জন। পুরো দেশ সে জয় নিয়ে আনন্দে মেতেছিল। দীর্ঘ চার মাসেরও বেশি সময় বিরতির পর ফের মাঠে নামছে বাংলাদেশ। এবার নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ভালো ফুটবল খেলার লক্ষ্য জামাল ভূঁইয়াদের। কোচ হাভিয়ের কাবরেরা গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’ ভিয়েতনাম দলে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড় হোয়াঙ হেন খেলবেন। এ ছাড়া আছেন জুয়ান সন। দুই তারকা ফুটবলারকে নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে ভিয়েতনাম। এ ব্যাপারে কাবরেরা বলেন, ‘জুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত আরেক খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের দল খুব শক্তিশালী। আমরা চাই বাংলাদেশের বিপক্ষে তারা তাদের সেরা দল নিয়েই খেলুক।’ হামজা চৌধুরীকে নিয়ে বেশ আশাবাদী কাবরেরা। স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন হামজা। অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ‘এটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা আমাদের রয়েছে।’ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ভিয়েতনামের বিপক্ষে ভালো ফল করার আশা করছে বাংলাদেশ। দুই দল ২০০১ সালে মুখোমুখি হয়েছিল। সেবার ভিয়েতনাম ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ভিয়েতনাম ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকেই অপরাজিত এক ফুটবল দল। এরপর থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র দুটিতে ড্র করেছে তারা। জয় করেছে বাকি ১৩টি ম্যাচ। হারিয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়ার মতো দলগুলোকে। তবে তারা গত নভেম্বরের পর প্রথমবারের মতো মাঠে নামবে। এ কারণেই ভিয়েতনামের কোচ কিম সাঙ সিক বলছেন, ‘অনেক দিন পর পুরো দল একসঙ্গে হয়েছে। নতুন খেলোয়াড়দের অবদান দেখার জন্য আমি মুখিয়ে আছি, বিশেষ করে হোয়াং হেনকে। দল ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে, সমর্থকদের আনন্দ দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ হোয়াং হেন ব্রাজিলিয়ান ফুটবলার। তবে ভিয়েতনামি লিগে পাঁচ বছরের বেশি সময় খেলায় তিনি ভিয়েতনাম জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ম্যাচেই অভিষিক্ত হচ্ছেন এই ব্রাজিলিয়ান। আক্রমণভাগে হোয়াং শক্তি বাড়াবেন বলেই মনে করছেন ভিয়েতনামের কোচ। তবে বাংলাদেশের শক্তিমত্তা নিয়েও বেশ সচেতন তিনি। কিম সাঙ সিক বলছেন, ‘বাংলাদেশ দল গত বছরের তুলনায় অনেক বদলেছে। বিশেষ করে বিদেশে খেলা কিছু খেলোয়াড় যোগ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন আগে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলেছেন। বর্তমান বাংলাদেশ দল আগের চেয়ে শক্তিশালী বলে আমি মনে করি।’ ম্যাচে হামজাকে প্রতিহত করতেও বিশেষ পরিকল্পনা করেছে ভিয়েতনাম। দলটির অধিনায়ক দু দুয়ে মান বলেছেন, ‘আমরা মনোযোগী থাকব, শৃঙ্খলা মেনে খেলব এবং কোচের নির্দেশনা অনুসরণ করব। এটি প্রীতি ম্যাচ হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, কারণ এটি ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।’