নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা হৃদয় সাহা (৩২) ও শিপন চন্দ্র ঘোষ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহফুজুর রহমান সাকিবের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদেরকে ৩৯ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।