নোয়াখালীতে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। জেলার ৩০টি পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এর বাইরে ৪/৫টিতে পাওয়া যাচ্ছে ডিজেল। আর বাকিগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে।
এদিকে শনিবার সকালে সদরের বেশ কয়েকটি পাম্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ওই পাম্পগুলোর মজুদ পরীক্ষা করা হয়। মেমো, বিক্রয় রশিদ, লেইজারে কিছু গরমিল পেলেও বিক্রি বন্ধ থাকা পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যায় নি।
এদিকে যে একটিতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে সেটির সামনে রয়েছে দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষা করে মোটরসাইকেল আরোহীরা পাচ্ছেন ২০০/৩০০ টাকার অকটেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান অপু বলেন, জেলার বেশ কয়েকটি ঘুরে মেমো, বিক্রয় রশিদ, লেইজারে বিক্রি হিসেব দেখেছি। অকটেন ছাড়া ডিজেল কয়েকটিতে বিক্রি হচ্ছে। কোথায় গরমিল পায়নি। সবাই যেন তেল পায় সে লক্ষ্য আমাদের এই অভিযান অব্যহত থাকবে।