গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পালেরপাড়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম চান মিয়া (৭০)। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ৩ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৮ মার্চ) এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হোসেন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে পালেরপাড়া এলাকায় নিহতের ভাতিজা জয়নাল আবেদীনের বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আসামিরা জয়নালকে মারধর শুরু করলে তার চাচা চান মিয়া বাধা দিতে এগিয়ে আসেন। তখন আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুত্বর রক্তাক্ত জখম হন। বাবার ওপর হামলা দেখে নিহতের মেয়ে আমেনা ও আত্মীয়রা এগিয়ে এলে আসামিরা তাদেরও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আমেনা ও মুন্নির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসন থানা পুলিশ জানায়, এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ৩৮/১০৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার ৩নং আসামীকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গেছে। জিএমপি'র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও নতুন সময়কে নিশ্চিত করেন তিনি।
গাজীপুরেজমি সংক্রান্ত বিরোধে আহত-৩ নিহত এক বৃদ্ধ
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধিঃ