• দেশজুড়ে
  • অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

দেশজুড়ে ১ মিনিট পড়া
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

সৈয়দ নুরুল আমিন রূপক (নেত্রকোনা ) : -

নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। আটক ব্যক্তিরা হলেন আওয়াল (২২), আজিজুল (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) ও লাক মিয়া (২৮)। তাঁদের সবার বাড়ি জেলার বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেডটি বালু বোঝাই করা হয়। সকালে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বালুসহ বাল্কহেডটি জব্দ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে বাল্কহেডটি দিয়ে বালু এনেছেন।উপযুক্ত কোনো ক্রয় রসিদ দেখাতে না পারা এবং তাঁদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় পুলিশ তাঁদের আটক করে।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, আটক ব্যক্তিদের থানা-হাজতে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।