• জাতীয়
  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন

আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন

সড়কমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

জাতীয় ১ মিনিট পড়া
আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন

ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম বলেন, আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহনমন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন সাইফুল আলম। তিনি বলেন, গতকাল রোববার সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ঈদযাত্রায় স্বস্তি ছিল।

বিরোধীদলীয় এই সংসদ সদস্য বলেন, ‘ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর আমরা দেখলাম, দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল, স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?’

ঢাকা–১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম। অন্যদিকে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা–১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাইফুল আলম বলেন, ‘দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যাঁরা মারা গেছেন, তাঁদের মাত্র ২৫ হাজার টাকা...জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ব্রিটেন হলে সড়ক পরিবহনমন্ত্রী এতক্ষণ পদত্যাগ করতেন। তিনি প্রশ্ন রাখেন, সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কি না? তিনি পদত্যাগের চিন্তা করবেন কি না?

এর আগে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরীত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রীর জবাব দেওয়ার কথা, সেটি আইনমন্ত্রী দিলেই ভালো হয়।

পরে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, জামায়াতের সংসদ সদস্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বিএনপি এমন নেতার আদর্শে গঠিত, সেখানে কোনো বিভাজন নেই। যাঁদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাঁরা অত্যন্ত যোগ্য ব্যক্তি, তাঁদের মধ্যে বিভাজন নেই।

Tags: আর কত লোক মারা অস্বস্তিবোধ