• দেশজুড়ে
  • গাকৃবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু

গাকৃবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাকৃবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু

আব্দুল মালেক মিয়া,ব্যুরো চীফ, গাজীপুর :

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উচ্চশিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ‘উপ-প্রকল্পের জন্য আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রকল্প সংশ্লিষ্ট এসপিএম এবং তাদের টিমের সদস্যবৃন্দসহ মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির পরিচালক (গবেষণা) এবং ইউএটিএফএস-এর প্রধান প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। হিট প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ মনসুরুজ্জামান খান অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক আর্থিক ব্যবস্থাপনা শুধু প্রশাসনিক দক্ষতার বিষয় নয়, এটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ধরনের প্রশিক্ষণ সেই সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘‘তথ্য প্রযুক্তি নির্ভর এ যুগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প কার্যক্রমে স্বচ্ছ ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ করে তুলবে।’’ তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে প্রশিক্ষক মোঃ মনসুরুজ্জামান খান আর্থিক অ্যাগ্রিমেন্ট, ডিপিপি, উপ-প্রকল্প ফান্ড ব্যবস্থাপনা, পিপিআর ২০২৫, আরএফকিউ, আয়কর ও ভ্যাট বিষয়ক বিধান, বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণ, ডেবিট-ক্রেডিট ভাউচার প্রস্তুতকরণসহ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষকের সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে। পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।