লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম শনাক্ত করা হয়।
পরবর্তীতে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটের দিকে ড্রামগুলো পানি থেকে তুলে আনা হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়।
উদ্ধারকৃত এই জ্বালানি তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলা জেলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে এই ডিজেল এনে এখানে মজুদ করেছিল।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এ ধরনের মজুদ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। জব্দ তালিকা অনুযায়ী এগুলো পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হলেও এখন পর্যন্ত এর কোনো মালিক শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছি। চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”