• দেশজুড়ে
  • গাজীপুরে ফ্লাইওভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুরে ফ্লাইওভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে ফ্লাইওভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত আরেকজন মৃত্যু হয়।

এ ঘটনায় আহত পাঁচ যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হামিদ জানান, পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: নিহত গাজীপুর বাস ফ্লাইওভার ট্রাকের ধাক্কা