গাইবান্ধা আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)যাদব সরকার সভাটি সঞ্চালন করেন।এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নববর্ষের সকালে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন"বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।আমরা চাই একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধাবাসী পহেলা বৈশাখ উদযাপন করুক।অনুষ্ঠানে বক্তারা নববর্ষের উৎসবকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।