• দেশজুড়ে
  • লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার :

লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার :

দেশজুড়ে ১ মিনিট পড়া
লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার :

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে। পরে বিষয়টি জানানো হলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফসলি জমি থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনকে অবহিত করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ব্রাহ্মণদল এলাকায় সীমান্ত পিলার ৮৩৭/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. সাজু (৪০) নামের এক ব্যক্তির বাড়ির পাশের ফসলি জমিতে মর্টার শেলটি পাওয়া যায়। এলাকাটি ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয়।

বর্তমানে উদ্ধারকৃত মর্টার শেলটি বিজিবির তত্ত্বাবধানে রয়েছে এবং তা পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবিও উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”