• দেশজুড়ে
  • বান্দরবানে জ্যোতির্বিজ্ঞানের উপর শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

বান্দরবানে জ্যোতির্বিজ্ঞানের উপর শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

দেশজুড়ে ১ মিনিট পড়া
বান্দরবানে জ্যোতির্বিজ্ঞানের উপর শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান সর্ম্পকে আরো বিশদ ধারণা প্রদান এবং আধুনিক জগৎ সর্ম্পকে শিক্ষার্থীদের আরো দক্ষ করে তুলতে বান্দরবানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর অফিস ফর অ্যাস্ট্রোনমি এডুকেশন এবং অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচ এর ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর-বাংলাদেশ টিমের আয়োজনে ১১ এপ্রিল বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

প্রশিক্ষণের উদ্বোধনকালে জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় আয়োজনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, দুইদিনব্যাপী জ্যোতির্বিজ্ঞানের উপর বিশদ ধারণা পেয়ে শিক্ষকরা আরো দক্ষ হবে আর তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এই নতুন জ্ঞান অর্জন করে নিজেকে আরো দক্ষ করে তুলতে পারবে।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষক অংশ নিচ্ছে আর প্রশিক্ষণে চন্দ্র গ্রহণ, সূর্যগ্রহণ, সোলার সিস্টেম, সুর্যের গতিবিধি, সূর্য গড়ি,পৃথিবীর অবস্থান, সৌরজগৎ, আকাশ, চাঁদ, বিভিন্ন গ্রহ, গেমইসের মাধ্যমে শিক্ষা ও বিভিন্ন শিক্ষা ওয়েবসাইট সর্ম্পকে বিশদ ধারণা দেবে প্রশিক্ষকেরা।

দুইদিনের এই প্রশিক্ষণে হাতে কলমে প্রশিক্ষন ও বিভিন্ন মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে তোলা আর তাদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান আরো ছড়িয়ে দেয়া এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

প্রশিক্ষন কর্মসুচীতে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড.ফারসীম মান্নান মোহাম্মদী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড.উজ্জ্বল কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসানসহ বুয়েটে ও চুয়েটের বিভিন্ন বিজ্ঞানী এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষাক্রমের সাথে সামঞ্জস্য রেখে কর্মাশালাটিতে প্রথম দিনের শিডিউলে শিক্ষকদের জন্য বিভিন্ন হাতে-কলমে সেশন রাখা হয়, এর মধ্যে উলে¬খযোগ্য হলো পকেট সোলার সিস্টেম, চাঁদের দশা ও গ্রহণ পর্যবেক্ষণ, ইকুয়েটোরিয়াল সানডায়াল বা সূর্যঘড়ি তৈরি, মাধ্যাকর্ষণ (স্পেসটাইম ও গ্র্যাভিটি ওয়েল ডেমোনস্ট্রেশন), মহাবিশ্বে আমাদের অবস্থান, দূরত্বের ধারণা (প্যারালাক্স) এবং স্টেলারিয়াম সফটওয়্যারের সাহায্যে রাতের আকাশ ও নক্ষত্রমন্ডল চেনা।

আয়োজকদের প্রত্যাশা, দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও হাতে-কলমে পাওয়া বাস্তব অভিজ্ঞতা শিক্ষকরা তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবে যা তৃণমূল পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ, অনুসন্ধিৎসা, বৈজ্ঞানিক কৌতূহল এবং জ্যোতিরবিজ্ঞানে আগ্রহ সৃষ্টিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।