• দেশজুড়ে
  • পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন লেবু মাওলানা

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন লেবু মাওলানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে  আর্থিক সহায়তা দিলেন লেবু মাওলানা

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি - আরিয়ান রাকিব :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি উপজেলার ৬ নম্বর পবনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপীনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মন্ডলের বাড়ি পরিদর্শনে যান।

সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল মন্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। খবর পেয়ে আজ সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।

এই সময় সংসদ সদস্য বলেন, "বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে এই পরিবারটির যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত কষ্টদায়ক। সরকারের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও যেকোনো প্রয়োজনে এই সহায়তা অব্যাহত থাকবে।"

পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই তাৎক্ষণিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারটি।