• দেশজুড়ে
  • চট্টগ্রামে মাদকের অর্থে গড়া সম্পদে ধরা, সাজা ৭ বছর

চট্টগ্রামে মাদকের অর্থে গড়া সম্পদে ধরা, সাজা ৭ বছর

দেশজুড়ে ১ মিনিট পড়া
চট্টগ্রামে মাদকের অর্থে গড়া সম্পদে ধরা, সাজা ৭ বছর

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো:

মাদক বিক্রির টাকায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় রুপম চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুপম চৌধুরী প্রকাশ রূপন চৌধুরী ওরফে রিপন চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে একই আদালত গত ১৩ এপ্রিল মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অন্য একটি মামলায় রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে ৪ বছর কারাদÐ দিয়েছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসেন জানান, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুপম চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, আসামি রুপম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার স্থাবর ও ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রুপম চৌধুরীর বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকায় জমি ও একটি ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদের তথ্য গোপন করা হয়েছিল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালে একটি দৈনিকে ‘ইয়াবা রূপম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দুদক বিষয়টি আমলে নেয়। পরবর্তীতে অনুসন্ধানে রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এরপর ২০২১ সালে দুদক তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। রুপম চৌধুরী নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করলেও যাচাই-বাছাইয়ে উল্লেখযোগ্য তথ্য গোপনের বিষয়টি উদ্ঘাটিত হয়।

৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ, কর্ণফুলীতে নৌবাহিনীর কঠোর বার্তা

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকালে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সি হার্টের গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এসময় গোডাউন তল্লাশি করে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধের যে কর্মসূচি তা বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এরই অংশ হিসেবে পরিচালনা করা হয় এই অভিযান।