কিশোরগঞ্জের হাওরবেষ্টিত মিঠামইন উপজেলায় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দিনের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল শাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম আব্দুল্লা-বিন্ শফিক। পরিসংখ্যানবিদ মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী সার্জন ডা. মো. সাইমুন ইসলাম ইমন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও উঠান বৈঠকসহ নানামুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। সভায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।