নাইক্ষ্যংছড়ি, ২৩ এপ্রিল: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মুসতইল্লা পাহাড় এলাকার আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তিন রাবার শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার ২২ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্র তাক করে তাদের জিম্মি করা হয়। সে সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃতরা:
টেকনাফের বাসিন্দা নুরুল ইসলাম ২০, এনামুল হক ২০ ও হাসান ২০।
প্রত্যক্ষদর্শী বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, গভীর রাতে দরজায় শব্দ পেয়ে দরজা খুলতেই মুখোশধারীরা অস্ত্র তাক করে ভয় দেখিয়ে তিনজনকে নিয়ে যায়। প্রতিরোধের সুযোগ ছিল না। যাওয়ার সময় দুর্বৃত্তরা ৫টি মোবাইল, ২টি দা ও ৩টি টর্চলাইট লুট করে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাগান মালিক আবদুল করিম বান্টু বলেন, খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছিল। সাম্প্রতিক এ ঘটনায় পাহাড়ি বাগান এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত অপহৃতদের উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।