• দেশজুড়ে
  • পাবনায় ঋণের টাকা তুলতে গিয়ে হামলার শিকার তিন এনজিও কর্মকর্তা, আহত ৩, আটক ১

পাবনায় ঋণের টাকা তুলতে গিয়ে হামলার শিকার তিন এনজিও কর্মকর্তা, আহত ৩, আটক ১

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাবনায় ঋণের টাকা তুলতে গিয়ে হামলার শিকার তিন এনজিও কর্মকর্তা, আহত ৩, আটক ১

পাবনা প্রতিনিধি

পাবনায় ঋণের টাকা আদায় করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাবনা সদর উপজেলার চর ঘোষপুর এলাকায় ঘটে। আহতরা হলেন—প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম (৩০), উপ-ব্যবস্থাপক মোঃ বাকী বিল্লাহ (৩৫) এবং শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম (৩৬)। জানা গেছে, “ওসাকা” নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চর ভবানীপুর শাখা থেকে জাকিয়া খাতুন নামে এক গ্রাহক মৌসুমী ঋণ গ্রহণ করেন। চলতি এপ্রিল মাসে ঋণ পরিশোধের নির্ধারিত সময় হলেও তিনি তা পরিশোধ না করে বিভিন্নভাবে কর্মকর্তাদের এড়িয়ে যেতে থাকেন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে জাকিয়া খাতুন ঋণের টাকা পরিশোধের কথা বলে সহকারী ব্যবস্থাপক রাকিবুল ইসলামকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার স্বামী রেজাউলসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘেরাও করে। একপর্যায়ে রেজাউল ধারালো হাসুয়া দিয়ে রাকিবুল ইসলামের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অন্যরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। খবর পেয়ে সহকর্মী বাকী বিল্লাহ ও রবিউল ইসলাম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় সাফি নামে এক ব্যক্তি কুড়াল দিয়ে রবিউল ইসলামের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়। অপরদিকে ইসরাইল লোহার রড দিয়ে বাকী বিল্লাহর মাথায় আঘাত করে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে রেজাউল, জাকিয়া খাতুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রেজাউলকে আটক করা হয়েছে। মামলা রুজু হলে অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।