রাঙামাটি কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ( কপাবিকে) পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর একটি ইউনিট হতে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় এই প্রতিবেদককে বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন কমতে থাকে। আর পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে বুধবার সকাল ৯ টা পর্যন্ত শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে ৮৩.৮০ ফুট মিন সি লেভেল ( এমএসএল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৭.৪৭ ফুট মিন সি লেভেল।
এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহ গুলোতে কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই লেকের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) হতে শুধুমাত্র ১ টি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যতদিন পর্যন্ত বৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।