০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

​খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের জরীপ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

আপলোড সময় : ০৪-১০-২০২৬
​খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের জরীপ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু সংগৃহীত ছবি

মোবারক হোসেন, খাগড়াছড়ি : ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য দুই দিনব্যাপী ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ (ToT) শুরু হয়েছে।

৪ অক্টোবর রোববার সকালে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মোট ২৩ জন সমাজসেবা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁরা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।

খাগড়াছড়ির নয়টি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৮ জন সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই প্রকৃত হকদার পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।

তিনি বলেন, জনকল্যাণমুখী এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়াকেও তাঁর সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে তথ্য সংগ্রহ করতে হবে। জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রান্তিক ও প্রকৃত হকদার পরিবারের কাছে এ কর্মসূচির সুফল পৌঁছে দিতে হবে। এ কাজে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী,জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য তাজলিমা সিরাজ সীমাসহ সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ