চট্টগ্রামের বহুল আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। ইসকনের সাবেক সংগঠক এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ২ ফেব্রুয়ারি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
যে প্রেক্ষাপটে হত্যাকাণ্ড ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার অনুসারী ও সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলাকালে আদালতের প্রবেশপথের বিপরীতে আইনজীবী আলিফকে ধারালো অস্ত্র, লাঠি ও রড দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চার্জশিট দাখিল ও আসামির সংখ্যা বৃদ্ধি ঘটনার পরদিন নিহত আইনজীবীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। তদন্তকালে এজাহারনামীয় কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে মোট আসামির সংখ্যা ৩৯ করা হয়। এই ৩৯ জনের মধ্যে ২৩ জন গ্রেপ্তার হয়েছেন এবং ১৬ জন এখনও পলাতক রয়েছেন।