• জাতীয়
  • নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন হলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন হলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

জাতীয় ১ মিনিট পড়া
নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন হলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের অর্থনীতি ও জিডিপি হিসাবের ক্ষেত্রে নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না।

অথচ এসব কাজের অবদান যদি আর্থিকভাবে মূল্যায়ন করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতে পারত।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার” বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভোটের পর নানা অনিয়মের অভিযোগ এলেও তদন্ত করে দেখা গেছে, অভিযুক্তদের সবাই পুরুষ প্রিসাইডিং অফিসার। এখন পর্যন্ত কোনো নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি জানান, ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কার চালুর পরিকল্পনাও রয়েছে।

নারীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে সেই ব্যবধান এখন কমে প্রায় ১০ লাখে নেমে এসেছে। অনেক নারী রাত ১০টা-১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোটার নিবন্ধন করেছেন—যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

দেশের অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) পাশাপাশি গার্মেন্টস খাতে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে নারীদের অবদানের ওপর দাঁড়িয়ে আছে। তাই নারীদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

Tags: সিইসি জিডিপি নারীদের গৃহস্থালি আর্থিক তিনগুণ