কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (সকাল ১১টায়) দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. ওয়াহিউজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. মহসিন আলী, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রপি কুমার দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
বক্তারা জানান, মেলায় মোট ১৬টি স্টলে কীটনাশক ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, সমন্বিত কৃষি প্রযুক্তিসহ আধুনিক কৃষির বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এই আয়োজনে নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা সফল কৃষি উদ্যোক্তারাও মেলায় অংশগ্রহণ করেছেন।
মেলাটি আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।