প্রীতমের জন্য শাহতাজের বিশেষ উদ্যোগ
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছিল সংগীত জগতের অন্যতম জনপ্রিয় তারকা প্রীতম হাসানের জন্মদিন। এদিন সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে এই দিনটিকে প্রীতমের কাছে চিরস্মরণীয় করে রাখতে চমকপ্রদ উদ্যোগ নেন তাঁর স্ত্রী শাহতাজ। স্বামীর জন্মদিনে যখন প্রীতম চট্টগ্রামে তাঁর নতুন ওয়েব ফিল্ম 'ক্যাকটাস'-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন, তখন শাহতাজ তাঁকে কিছু না জানিয়ে ঢাকা থেকে উড়ে যান চট্টগ্রামে।
আলমারির ভেতর ৪০ মিনিট অপেক্ষা
শুধু চট্টগ্রামে পৌঁছানোই নয়, প্রীতমকে চূড়ান্ত চমকে দিতে শাহতাজ শুটিং সেটে পৌঁছে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকেন। নির্ধারিত সময় অনুযায়ী গভীর রাতে একেবারে ভৌতিক সিনেমার দৃশ্যের মতো হঠাৎ আলমারির দরজা খুলে বেরিয়ে আসেন অভিনেত্রী। আচমকা এই ঘটনায় প্রীতম রীতিমতো চমকে ওঠেন। তিনি পরে নিজেই জানান, তাঁর প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছিল!
সামাজিক মাধ্যমে প্রীতমের প্রতিক্রিয়া
এই বিশেষ মুহূর্তের কথা প্রীতম হাসান নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। স্ত্রীর সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন— “চট্টগ্রামে উড়ে এসে সরাসরি 'ক্যাকটাস'-এর সেটে হাজির। আমাকে সারপ্রাইজ দিতে আলমারির ভেতর প্রায় ৪০ মিনিটেরও বেশি লুকিয়ে ছিল—প্রায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা। তারপর গভীর রাতে হরর মুভির দৃশ্যের মতো দরজা খুলে দিল। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হচ্ছিল!”
সবশেষে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রীতম লেখেন, 'সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ংকর সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ—এটা আজীবন মনে রাখার মতো।'
পর্দায় শাহতাজ এখন অনিয়মিত
উল্লেখ্য, একসময় মডেলিং ও অভিনয়ে শাহতাজ মুনিরা হাশেমকে নিয়মিত দেখা গেলেও বিয়ের পর পর্দায় তাঁর উপস্থিতি কমেছে। বলা যায়, তিনি অভিনয় অনেকটাই ছেড়ে দিয়েছেন। তবে মাঝে-মধ্যে গায়িকা-অভিনেত্রী শাহতাজকে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায়।