• বিনোদন
  • প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ সিং: জানালেন অবসরের একাধিক কারণ

প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ সিং: জানালেন অবসরের একাধিক কারণ

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সম্প্রতি প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, একাধিক কারণের মধ্যে 'বিরক্ত' হয়ে যাওয়াও একটি বড় কারণ।

বিনোদন ১ মিনিট পড়া
প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ সিং: জানালেন অবসরের একাধিক কারণ

ভারতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং হঠাৎই সিনেমা বা প্লেব্যাক গানের জগৎ থেকে অবসর নিলেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে ভক্ত ও সংগীতমহলে আলোচনার ঝড় উঠেছে। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন একটি পোস্টে।

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা

মঙ্গলবার রাতে ফেসবুকে এক পোস্টে অরিজিৎ সিং তাঁর প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ বন্ধ করার ঘোষণা দেন। তিনি লেখেন, 'হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ।'

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 'ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার ওপর। আমি ভালো সংগীতের একজন অনুরাগী। ভবিষ্যতে আরও শিখব, একজন সামান্য শিল্পী হিসেবেই সংগীতসাধনা চালিয়ে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ।'

কেন এই সিদ্ধান্ত? গায়কের ব্যাখ্যা

প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত আচমকা মনে হলেও ঘনিষ্ঠজনদের মতে, এটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না। এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে বলে শিল্পী নিজেই জানিয়েছেন। ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বলে দাবি করা একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টে তিনি এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন।

অরিজিৎ সিং লেখেন, 'এর পেছনে একটিমাত্র কারণ নেই, একাধিক কারণ রয়েছে। অনেক দিন ধরেই আমি এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসটা পেলাম। কারণগুলোর একটি খুবই সহজ—আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। তাই একই গান মঞ্চে পরিবেশনের সময় বারবার অ্যারেঞ্জমেন্ট বদলাই। সোজা কথায়, আমি বিরক্ত হয়ে গেছি।'

বিশাল ক্যারিয়ারের শুরু

২০০৫ সালে ১৮ বছর বয়সে 'ফেম গুরুকুল' রিয়েলিটি শোতে অংশ নিয়েও তিনি সেরা পাঁচে জায়গা করতে পারেননি, হয়েছিলেন ষষ্ঠ। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি নজরে আসেন।

তাঁর প্লেব্যাক অভিষেক হয় ২০১১ সালে 'মার্ডার ২' সিনেমার 'ফির মহব্বত' গানটির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকি ২'-এর 'তুম হি হো' গানটি তাঁকে তারকাখ্যাতির চূড়ায় নিয়ে যায়। এরপর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। বর্তমানে কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের মধ্যে তিনি অন্যতম।

Tags: entertainment playback singer bollywood music arijit singh retirement indian music