মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ বলিউড
উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে একাধিক বলিউড তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের শোকবার্তায় উঠে এসেছে অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি সমবেদনা।
অজয় দেবগন ও রিতেশ দেশমুখের শোক
অভিনেতা অজয় দেবগন তার শোকবার্তায় লিখেছেন, 'মাননীয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত। উনার পরিবার ও প্রিয়জন যে অপূরণীয় ক্ষতির শিকার হলেন, তার জন্য সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা।' অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, 'উনার মৃত্যু একটি বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল। মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।'
কঙ্গনা ও অনুপম খেরের প্রতিক্রিয়া
বিমান দুর্ঘটনার খবর কঙ্গনা রানাউতসহ অনেক তারকার কাছে হঠাৎ করেই এসেছে। দিল্লিতে থাকা অবস্থায় ছবি শিকারিদের কাছ থেকে খবরটি জানতে পেরে কঙ্গনা স্তব্ধ হয়ে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, 'আমি জানতাম না। সকালে তাড়াহুড়া থাকায় খবর দেখিনি। এই খবরটা শুনে নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার।' অভিনেতা অনুপম খেরও এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি অজিত পাওয়ারকে 'ভদ্র এবং দয়ালু' বলে উল্লেখ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুর্ঘটনার বিবরণ
বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ এই বিমান দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বিমানটি অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন ও ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়েছে।