• প্রযুক্তি
  • আপনার অজান্তেই গুগল কীভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে? জানুন সুরক্ষিত থাকার উপায়

আপনার অজান্তেই গুগল কীভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে? জানুন সুরক্ষিত থাকার উপায়

গুগলের বিভিন্ন সেবা ব্যবহারের ফলে আমাদের ব্যক্তিগত তথ্য নীরবে সংগ্রহ হচ্ছে। কীভাবে জানবেন আপনার কোন কোন তথ্য গুগলের হাতে যাচ্ছে এবং সুরক্ষিত থাকার উপায় কী?

প্রযুক্তি ১ মিনিট পড়া
আপনার অজান্তেই গুগল কীভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে? জানুন সুরক্ষিত থাকার উপায়

ডিজিটাল যুগে গুগল ও তার বিভিন্ন সেবার উপর আমাদের নির্ভরতা বেড়েছে বহুগুণ। জিমেইল, গুগল সার্চ, ইউটিউব, প্লে স্টোর—দিনের পর দিন এসব অ্যাপ ব্যবহার করার ফলে অনেকটা নীরবে ও অজান্তেই গুগলের সঙ্গে আমাদের ব্যক্তিগত নানা তথ্য ভাগাভাগি হয়ে যাচ্ছে। ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করা থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি পর্যন্ত কী কী তথ্য গুগল সংগ্রহ করে এবং কীভাবে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারেন, জেনে নিন।

গুগল কোন কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে?

স্মার্টফোনে লোকেশন (Location) অন থাকলে আপনার দৈনন্দিন চলাফেরা, কোথায় যাচ্ছেন এবং কতক্ষণ থাকছেন—এসব তথ্য গুগল সহজেই জানতে পারে। শুধু তাই নয়, গুগল সার্চ ইঞ্জিন বা ইউটিউবে আপনি কী সার্চ করছেন, কোন ভিডিও দেখছেন বা কোন বিষয়ে আপনার আগ্রহ—এই সার্চ ও দেখার ইতিহাসও গুগল সংরক্ষণ করে রাখে।

এখানেই শেষ নয়, অনেকেই এখন টাইপ না করে ভয়েস সার্চ ব্যবহার করেন। সেই ভয়েস কমান্ড বিশ্লেষণ করেও গুগল বুঝে নিতে পারে আপনি কোন ধরনের অ্যাপ ব্যবহার করছেন বা কোন ধরনের কনটেন্টে আপনার আগ্রহ বেশি। অর্থাৎ, ব্যবহারকারীর অজান্তেই গুগল ধীরে ধীরে আপনার একটি সম্পূর্ণ ডিজিটাল প্রোফাইল (Digital Profile) তৈরি করে ফেলে।

গুগলের কাছে কী কী তথ্য আছে, জানবেন যেভাবে

স্বস্তির বিষয় হলো, গুগলের কাছে সেভ থাকা তথ্যগুলো আপনি নিজেই যাচাই করে নিতে পারেন। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে—

১. প্রথমে আপনার স্মার্টফোনের 'সেটিংস' (Settings) অপশনে যান। ২. সেখান থেকে 'গুগল'-এ ট্যাপ করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ (Manage Your Google Account) নির্বাচন করুন। ৩. এরপর 'ডেটা অ্যান্ড প্রাইভেসি' (Data & Privacy) সেকশনে প্রবেশ করুন।

এই অংশেই আপনি দেখতে পারবেন, গুগল কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের তথ্য এবং আপনার লোকেশনের তথ্য সংরক্ষণ করছে। আরও বিস্তারিত জানতে প্রতিটি ক্যাটাগরিতে আলাদা করে ক্লিক করে কোন তথ্য রাখা হচ্ছে আর কোনগুলো নয়—তা যাচাই করা সম্ভব।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়

ডিজিটাল নিরাপত্তার জন্য কিছু সচেতন সিদ্ধান্ত আপনার তথ্যকে সুরক্ষিত রাখতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা এ জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন:

১. প্রয়োজন না হলে স্মার্টফোনে লোকেশন অফ রাখুন। ২. সেটিংস থেকে 'অটো-ডিলিট' (Auto-Delete) অপশন চালু করুন। এতে ৩, ১৮ অথবা ৩৬ মাস পর স্বয়ংক্রিয়ভাবে আপনার ডেটা মুছে যাবে। ৩. 'অ্যাড পার্সোনালাইজেশন' (Ad Personalization) অপশনটি ডিস-অ্যাবল করে দিন। এর ফলে আপনার সার্চ ও আগ্রহভিত্তিক তথ্য ট্র্যাক করা কমে যাবে। ৪. ভয়েস কমান্ড অপশনটিও অফ রাখা ভালো, এতে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার গতিবিধি বিশ্লেষণ করা কঠিন হবে। ৫. ডিজিটাল যুগে পুরোপুরি অফলাইনে থাকা সম্ভব না হলেও, সচেতন থাকলে নিজের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

Tags: digital security google data privacy location tracking personal data google account technology tips