• ব্যবসায়
  • বছরে ৪ কোটি টন সিমেন্ট প্রয়োজন বাংলাদেশে: আমিরুল হক

বছরে ৪ কোটি টন সিমেন্ট প্রয়োজন বাংলাদেশে: আমিরুল হক

ব্যবসায় ১ মিনিট পড়া
বছরে ৪ কোটি টন সিমেন্ট প্রয়োজন বাংলাদেশে: আমিরুল হক

ক্রমবর্ধমান অর্থনীতির কারণে বাংলাদেশে বছরে প্রায় ৪ কোটি টন সিমেন্টের চাহিদা তৈরি হয়েছে উল্লেখ করে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বলেছেন, ২০৪০ সালে দেশে সিমেন্টের চাহিদা দাঁড়াবে বার্ষিক ৮ কোটি টন।

ইন্টারসেম দুবাই সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিরুল হক বলেন, অ্যাসোসিয়েশন গড়ে তোলায় এ শিল্পের সমৃদ্ধি হচ্ছে। বাংলাদেশি সিমেন্টের গুণগতমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

স্থানীয় চাহিদা মিটিয়ে প্রচুর সিমেন্ট রপ্তানিও হচ্ছে। আমি বিশ্বসেরা সিমেন্ট কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাই। তিনি বলেন, সিমেন্টের চাহিদা বৃদ্ধির অনেক কারণ রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক অগ্রগতি ও রেমিট্যান্স প্রবাহের কারণে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়া অন্যতম।

বছরে প্রায় ১ লাখ নতুন অ্যাপার্টমেন্ট প্রয়োজন। রিয়েল এস্টেট খাত শহর ছাড়িয়ে শহরতলী ও উপজেলা সদরেও প্রসার লাভ করছে।
এ ছাড়া বাংলাদেশে নতুন নতুন এক্সপ্রেসওয়ে হবে, উড়াল সেতু হবে, মেট্রোরেল, মনোরেল হবে। নদীবন্দরগুলোতে জেটি হবে।

বে টার্মিনাল হবে। গভীর সমুদ্রবন্দর হবে। তাই সিমেন্টের চাহিদাও ক্রমান্বয়ে বাড়বে।
বিশ্বব্যাপী সিমেন্ট শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টে ইন্টারসেম হয়ে গেল দুবাইতে। ৫০টিরও বেশি দেশের প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারীর এ সম্মিলনে শিল্পের চ্যালেঞ্জগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।

তৈরি হয়েছে সিমেন্ট উৎপাদনকারী, ব্যবসায়ী এবং সরঞ্জাম ও পরিষেবা প্রদানকারীদের সিনিয়র নির্বাহীদের সাথে নেটওয়ার্ক। আঞ্চলিক বাজার, চ্যালেঞ্জ এবং সুযোগগুলোর গভীর বিশ্লেষণের মাধ্যমে সিমেন্ট শিল্প সম্পর্কে বিশ্বব্যাপী অবস্থান তুলে ধরা হয় এ সম্মিলনে। বিশেষ করে সিমেন্টের মান, গুণাগুণ, ব্রান্ড, চাহিদা ইত্যাদি উঠে আসে আলোচনায়। চার দশকেরও বেশি সময় ধরে ইন্টারসেম বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে শিল্প নেতাদের স্বাগত জানিয়েছে - নতুন অন্তর্দৃষ্টি, ব্যবহারিক সমাধান এবং অমূল্য সংযোগ প্রদান করে যা ব্যবসায়িক প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যায়।

Tags: প্রয়োজন বাংলাদেশে বছরে ৪ কোটি টন সিমেন্ট আমিরুল হক