• বিনোদন
  • কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে সাই পল্লবী? শর্ত ও পারিশ্রমিক নিয়ে জল্পনা

কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে সাই পল্লবী? শর্ত ও পারিশ্রমিক নিয়ে জল্পনা

কাজের ক্ষেত্রে কড়া শর্ত ও পারিশ্রমিক বৃদ্ধির দাবি, এই দুই কারণে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নাকি বাদ দেওয়া হয়েছে নাগ অশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল থেকে। তার জায়গায় দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাওয়ার গুঞ্জন চলছে।

বিনোদন ১ মিনিট পড়া
কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে সাই পল্লবী? শর্ত ও পারিশ্রমিক নিয়ে জল্পনা

কাজের সময়সীমা ও পারিশ্রমিক নিয়ে মতবিরোধের জেরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গুঞ্জন উঠেছে, 'স্পিরিট' থেকে বাদ পড়ার পর এবার নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েলেও নাকি দেখা নাও যেতে পারে তাকে। শোনা যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ চরিত্রে তার জায়গায় আসতে পারেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

কাজের সময়সীমা ও পারিশ্রমিকের দাবি

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক বড় বাজেটের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। এই শর্তের কারণেই প্রথমে তাকে বাদ দেওয়া হয় সন্দীপ রেড্ডী ভাঙ্গা পরিচালিত আলোচিত সিনেমা 'স্পিরিট' থেকে। সেখানে তার পরিবর্তে নেওয়া হয় অভিনেত্রী তৃপ্তি দিমরীকে।

শর্তের পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবিও নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের একটি বড় কারণ। সূত্রের খবর, 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েলের জন্য দীপিকা তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানান। এ ছাড়া তিনি দিনে সর্বোচ্চ ৭-৮ ঘণ্টা কাজ করার শর্ত দেন।

'কল্কি' সিক্যুয়েল থেকে বাদ পড়ার কারণ

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে 'দায়বদ্ধতার অভাব' এবং শুটিং সময়সূচি নিয়ে জটিলতার কারণেই নির্মাতারা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, ছবিটির জন্য তিনি প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন। কিন্তু কাজ শুরুর পরই শর্ত ও সময় নিয়ে মতবিরোধ চরমে পৌঁছায়, যার ফলস্বরূপ নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সাই পল্লবী কি নতুন চরিত্রে আসছেন?

প্রথম পর্বে দীপিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, তাই তাকে ছাড়া সিক্যুয়েলের কাহিনি কল্পনা করা কঠিন বলে মনে করেন অনেক দর্শক। তবে নতুন গুঞ্জন বলছে, 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েলে তার জায়গায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যেতে পারে।

দর্শকদের একাংশ মনে করছেন, সিক্যুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে। আবার কেউ কেউ বলছেন, সাই পল্লবী সম্পূর্ণ নতুন চরিত্রে গল্পে যুক্ত হবেন। এর আগে এই চরিত্রে আলিয়া ভাটের নামও শোনা গিয়েছিল। যদিও নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ পর্যন্ত বড় পর্দায় কার দেখা মিলবে, সেই উত্তরের অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা।

Tags: tollywood entertainment bollywood movie controversy deepika padukone kalki 2898 ad sequel sai pallavi