প্রযোজক আলিয়া ও 'ডোন্ট বি শাই'
অভিনেত্রী আলিয়া ভাট এর আগে তার প্রথম প্রযোজিত সিনেমা 'ডারলিংস' দিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন, যা ওটিটিতে মুক্তি পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে আসছে 'ডোন্ট বি শাই'। এই সিনেমাটি একটি 'কমিং-অফ-এজ রোমান্টিক কমেডি' ঘরানার ছবি, যা পরিচালনা ও লিখেছেন শ্রীতি মুখার্জি। উল্লেখ্য, এই নির্মাতা এর আগে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'ব্রহ্মাস্ত্র'-এর মতো সফল সিনেমাগুলোতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
গল্প ও চরিত্রের আভাস
'ডোন্ট বি শাই' সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে শ্যামিলি দাস নামের ২০ বছর বয়সী এক তরুণী। যার আপাতদৃষ্টিতে সাজানো-গোছানো জীবন হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে বিশৃঙ্খল হয়ে যায়। ছবির বিষয়বস্তু নিয়ে প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড ও অরিজিনালসের পরিচালক নিকিল মাধক বলেন, 'আমরা আলিয়া ও শাহিন ভাটের সঙ্গে এই রোমান্টিক কমেডি নিয়ে কাজ করতে পেরে রোমাঞ্চিত। এমন অসাধারণ একটি চরিত্র গল্পের কেন্দ্রবিন্দুতে থাকায় এটি আরও বিশেষ কিছু হতে চলেছে।'
আলিয়ার প্রত্যাশা ও প্রযোজনা সংস্থার যাত্রা
নিকিল মাধক আরও যোগ করেন, আলিয়ার গল্প বোঝার সহজাত ক্ষমতা এই ছবিটির মাধ্যমে ফুটে উঠেছে। যেখানে বন্ধুত্ব এবং ভালোবাসার গল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে। সিনেমাটি নিয়ে আলিয়া ভাট বলেন, 'আমরা সব সময় এমন গল্পকে সমর্থন করতে চাই, যা সত্যিকারের আলাদা। সিনেমাটি দর্শকদের নতুন কিছু উপহার দেবে, এটা নিশ্চিত করে বলতে পারি।'
২০২১ সালে আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট একসঙ্গে ইটারনাল সানশাইন প্রোডাকশনের সূচনা করেন। তাদের প্রথম সিনেমা 'ডার্লিংস' ২০২২ সালে মুক্তি পায়। এরপর তাদের প্রযোজনায় আসে প্রাইম ভিডিও সিরিজ 'পোচার'। এছাড়াও, ধর্মা প্রোডাকশনের সাথে যৌথভাবে 'জিগরা' সিনেমাটিরও প্রযোজনা করেছেন আলিয়া।