সম্মান প্রত্যাখ্যানের মূল কারণ
নির্মাতা নিয়ামুল মুক্তা পুরস্কার প্রত্যাখ্যানের কারণ হিসেবে স্পষ্ট জানিয়েছেন যে, 'রক্তজবা' ছবিটির চিত্রনাট্য তিনি লেখেননি। তিনি বলেন, “ছবিটির চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করিনি, তার জন্য কেন পুরস্কার নেব? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।”
আবেদন করবেন মূল চিত্রনাট্যকার তাজ
মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ছবিটি চিত্রনাট্য করেছেন এবং এ ব্যাপারে নিয়ামুল মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি আরও জানান, “এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আবেদন করব, তারা যেন বিষয়টি সংশোধন করেন।”
জুরি বোর্ড ও প্রযোজনা সংস্থার বক্তব্য
ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সংস্থাটির কর্মকর্তা চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এমন ভুলের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বলেন, “সাধারণত জুরি বোর্ড টাইটেল মিলিয়ে দেখে। এরপরও কী সমস্যা হয়েছে কাল (শনিবার) বিষয়টি খোঁজ নেব আমরা। যদি কোনো কিছু ভুল হয়, তাহলে সংশোধনের আবেদন করব।”
অন্যদিকে, জুরি সদস্য ওয়াহিদ সুজন এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “অনেক আগে দেখা হয়েছে ছবিগুলো। টাইটেল দেখা হলেও অনেক সময় মনে থাকে না। এমন কিছু হতে পারে। মূল আবেদনে কী নাম ছিল আর তথ্য মন্ত্রণালয় সে ফরমেটে নম্বরপত্র তৈরি করে, সেখানে ভুল আছে কিনা দেখা দরকার। যাই ঘটুক, বিষয়টি দুঃখজনক। আশা করি, সুন্দর সমাধান হবে।”
মুক্তি নিয়েও প্রশ্ন তুললেন মুক্তা
পুরস্কারের পাশাপাশি 'রক্তজবা' চলচ্চিত্রের মুক্তি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন নিয়ামুল মুক্তা। তিনি বলেন, “আমার পরিচালিত ছবি কোথায়, কোন সিনেমা হলে চলেছে— তা আমিই জানি না এখন পর্যন্ত। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো ছবি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা— আমার প্রশ্ন।” এই ছবিটি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত।