• জাতীয়
  • লালমনিরহাটে মন্ত্রীর পুষ্পস্তবক না থাকায় বিব্রতকর পরিস্থিতি

লালমনিরহাটে মন্ত্রীর পুষ্পস্তবক না থাকায় বিব্রতকর পরিস্থিতি

জাতীয় ১ মিনিট পড়া
লালমনিরহাটে মন্ত্রীর পুষ্পস্তবক না থাকায় বিব্রতকর পরিস্থিতি

তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে সেখানে নিজের নামে পৃথক কোনো পুষ্পস্তবক না পেয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে মন্ত্রী জেলা প্রশাসককে উদ্দেশ করে বলেন, “আমার পুষ্পস্তবক কোথায়? আমি তো প্রশাসনিক কোনো লোক নই।” সরকারি প্রটোকল অনুযায়ী মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের যাবতীয় আয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে করার কথা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। ফলে উপস্থিত সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ ঘটনাকে ‘প্রটোকল লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাজুল চৌধুরী বলেন, সরকারি প্রটোকল অনুযায়ী মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আয়োজন জেলা প্রশাসনেরই করার কথা। তাদের উদাসীনতায় শুধু মন্ত্রীই নন, উপস্থিত সবাই বিব্রত হয়েছেন। সাংস্কৃতিক সংগঠক শামীম আহমেদও একে প্রশাসনিক সমন্বয়হীনতা হিসেবে উল্লেখ করেন।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে একই দিনে আরেকটি ঘটনা নিয়েও সমালোচনা সৃষ্টি হয়। একুশের প্রভাতফেরি থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হয়নি। মাইক বন্ধ থাকায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

পরে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি সদস্যরা শহীদ মিনারে গিয়ে সমবেত কণ্ঠে গানটি গেয়ে প্রতিবাদ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন দ্রুত জেলা তথ্য অফিসের মাইক এনে সকাল ১০টার দিকে গানটি প্রচার শুরু করে। নাট্য সংগঠক সুপেন দত্ত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূফী মোহাম্মদ বলেন, মহান একুশে ফেব্রুয়ারির দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ঐতিহ্যবাহী গানটি না বাজানো একুশের চেতনার পরিপন্থী। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনাগুলো ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Tags: পরিস্থিতি মন্ত্রী লালমনিরহাট পুষ্পস্তবক বিব্রতকর