• দেশজুড়ে
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও তার নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় আদালত।

দেশজুড়ে ১ মিনিট পড়া
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনী অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং তার নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়।

নুরের বিরুদ্ধে অভিযোগ

দশমিনা, পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই নোটিশ জারি করা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খালিদ এই নোটিশে স্বাক্ষর করেছেন।

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) বিধি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।

ভাঙচুর ও হামলার অভিযোগ

নোটিশে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালায় এবং তার কর্মী-সমর্থকদের আহত করে। এই ঘটনাটিকে আচরণবিধিমালার ৬ (ক) বিধির পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।

লিখিত ব্যাখ্যার নির্দেশ

উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে না, সেই মর্মে তাঁকে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কারণ দর্শানোর নোটিশটি দ্রুত জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: patuakhali nurulhaquenur electioncodeofconduct showcausenotice ganoadhikarparishad electioncommission