• দেশজুড়ে
  • এই দেশে আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলতে দেওয়া হবে না:এটিএম আজহারুল ইসলাম

এই দেশে আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলতে দেওয়া হবে না:এটিএম আজহারুল ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

দেশজুড়ে ১ মিনিট পড়া
এই দেশে আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলতে দেওয়া হবে না:এটিএম আজহারুল ইসলাম

শাকিল আহমেদ, রংপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এই দেশে আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলতে দেওয়া হবে না। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ১১ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলা মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারীরা এ দেশের অমূল্য সম্পদ। নারীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, নারীদের উন্নয়ন হলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। একজন নারীই পারে আদর্শ সন্তান গড়ে তুলতে। নারীদের কারণেই পুরুষরা সঠিক পথে চলার সুযোগ পায়।তিনি আরও বলেন, নারীরা সর্বক্ষেত্রে সম্মানিত ও শ্রদ্ধেয়। যারা নারীদের অবহেলা করে, অসম্মান করে কিংবা হেনস্তা করে তারা কখনো নারীদের প্রকৃত মঙ্গল কামনা করে না। মহিলা সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, একটি দল ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের লোভ দেখাচ্ছে, ব্যাংক ঋণ মওকুফ ও এনজিওর টাকা ফেরতের মিথ্যা আশ্বাস দিচ্ছে। যারা এভাবে প্রলোভন দেখিয়ে ভোট চায়, তাদের উদ্দেশ্য কখনোই জনগণের কল্যাণ নয়।তিনি সতর্ক করে বলেন, এই ধরনের দল ক্ষমতায় গেলে পূর্বের ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে দেশের সম্পদ লুট করবে এবং বিদেশে বিলাসী জীবন যাপন করবে। তাই কোনো কার্ডের লোভে পড়ে বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হয়ে তাদের ভোট দেওয়া যাবে না।

‎অন্যান্য ধর্মাবলম্বী নারীদের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের কাছে সকল ধর্মের মানুষই সমান নারী হোক বা পুরুষ। জামায়াতে ইসলামী কখনো ধর্মের ভিত্তিতে বৈষম্য করে না। তিনি বলেন, আজ এই সমাবেশে হিন্দু ধর্মাবলম্বী বহু নারী উপস্থিত হয়েছেন। তারা জামায়াতে ইসলামীর নারী সদস্যদের আচার-আচরণ দেখে ভালোবেসে এখানে এসেছেন। ইসলাম এমন একটি ধর্ম যেখানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে।

ইসলামে কোনো হিংসা বা বিদ্বেষ নেই। তিনি আরও বলেন, একজন মুসলমান নারীর যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি অন্য ধর্মাবলম্বী নারীরও সমান অধিকার রয়েছে। একজন মুসলমান নারীর ভোট যেমন গুরুত্বপূর্ণ, অন্য ধর্মের নারীদের ভোটও তেমনি গুরুত্বপূর্ণ। এটিএম আজহারুল ইসলাম বলেন, গত সাড়ে ১৫ বছর এ দেশের আলেম-ওলামা, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। এক কথায় পুরো দেশই ছিল মজলুম। আমরাও মজলুম ছিলাম। যারা এখনো মজলুম, আমরা আশা করি বাংলাদেশ তাদের পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা কোনো দলীয় শাসন কায়েম করতে চাই না। আমরা জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।

বদরগঞ্জ উপজেলা মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Tags: এই দেশে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি এটিএম আজহারুল ইসলাম