নেতাকর্মীদের প্রতি মান্নানের হুঁশিয়ারি
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিএনপি নেতাকর্মী দিনের বেলায় ধানের শীষের পক্ষে কাজ করেন, অথচ রাতের অন্ধকারে অন্য প্রার্থীর হয়ে কাজ করেন, তারা হলেন 'মীরজাফর'। এমন মীরজাফরদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের ঠাঁই বিএনপিতে হবে না।
ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয়
বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ সংগ্রাম করে গেছেন মানুষের এই অধিকার ফিরিয়ে আনতে। মান্নান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
দলের বিপক্ষকারীদের স্থান নেই
মান্নান আরও বলেন, যারা দলের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না। তাদের বিএনপিতে কোনো জায়গা হবে না; তারা 'আস্তাকুঁড়ে নিক্ষেপ' হবে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।