নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছি। শীর্ষ পদে নারী আসা গুরুত্বপূর্ণ না, ক্ষমতায়ন জরুরি।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দলটির নারী বিভাগের পলিটিকাল এফেয়ার্স ডা. হাবিবা চৌধুরী বলেন, সারা দেশে জামায়াতের মা-বোনদের ওপর হামলা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন তথ্য ইসির কাছে জমা দিয়েছি। এই নির্বাচনে সবাই অংশ নিতে চাই। তিনি আরও বলেন, জামায়াতের বোনদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র চলছে। দল নারীদের শ্রদ্ধা-সম্মান করে। সেটি সব স্তরের নারীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। কিছু মহল আমাদের কার্যক্রম পছন্দ করছে না। যেখানে বাধা আসবে সেখানে প্রতিহত করবো, নারীকে অবলা ভাবার কোনও কারণ নেই।
এমনকি নারীর ক্ষমতায়নে দল প্রতিবন্ধক নয়। সাংগঠনিক সিদ্ধান্ত, এবার কোনও নারী প্রার্থী দেওয়া হবে না। তবে এবারের নির্বাচনে নারীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন ডা. হাবিবা চৌধুরী।
এদিকে, দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীকর্মীরা পাড়া-মহল্লায় গেলে একদল লোক তাদের ওপর অত্যাচার নির্যাতন করছে। এমনকি হিজাব-নেকাব খুলে ফেলছে। বারবার এমন ঘটছে। এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।