• বিনোদন
  • শুটিং থেকে ফিরে অভিনেতা দেখেন বাসা লুট!

শুটিং থেকে ফিরে অভিনেতা দেখেন বাসা লুট!

বিনোদন ১ মিনিট পড়া
শুটিং থেকে ফিরে অভিনেতা দেখেন বাসা লুট!

শুটিংয়ের কাজে টানা ৫ দিনের আউটডোর শুটিংয়ে ছিলেন প্রশংসিত অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু।

লোকেশন মানিকগঞ্জ। শুটিং শেষে রামপুরায় ভাড়া বাসায় ফিরে দেখেন, তার ঘরের প্রায় সবই লুট। শুধু লুটই নয়, চালানো হয়েছে রীতিমতো ধ্বংসযজ্ঞ!

কারণ ঘটনাটি ফাঁকা বাসায় চুরি নয়। অভিনেতার ভাষায়, এটা ছিলো ডাকাতি। এ ঘটনায় রবিবার (১ ফেব্রুয়ারি) রামপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনেতা। অভিযোগে বলা হয়েছে, লিটন ও এনায়েত নামে দুজনের যোগসাজশে অজ্ঞাতপরিচয় একটি দল তার বাসায় ভাঙচুর চালিয়ে মালামাল নিয়ে যায়। অভিনেতা জানান, গত ২৫ জানুয়ারি বিকেলে শুটিংয়ের কাজে মানিকগঞ্জে যান তিনি। ৩০ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকার বাসায় ফিরে দারোয়ানের সহায়তায় বাসার তালা খুলে ভেতরে ঢুকে তিনি চমকে যান। ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী আর খুঁজে পাননি।

চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে একটি ২ টেরাবাইট হার্ডড্রাইভ—যাতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সিনেমার চূড়ান্ত ফুটেজ সংরক্ষিত ছিল। এ ছাড়া একটি ভিভো মোবাইল ফোন, সিলিং ফ্যান, গ্যাস কার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ‘বেস্ট রাইজিং স্টার’ সম্মাননা স্মারক, কাপড়চোপড়, জুতা ও ইস্তিরিও খোয়া গেছে।

সেন্টু বলেন, ‌‌‘শুটিংয়ের জন্য ঢাকার বাইরে ছিলাম। ফিরে এসে দেখি বাসায় ভাঙচুর করা হয়েছে। থানায় ডাকাতির মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি—লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করেছে।’

অভিনেতার দাবি, ঘটনাটি প্রকাশ্যে হলেও এ বিষয়ে পাঁচ দিন পরও তাকে কেউ জানাননি। এমনকি এ ঘটনায় বাসার মালিকের ভূমিকাও সন্দেহজনক বলে অভিযোগ করেন তিনি।

থানায় দাখিল করা অভিযোগপত্রে অভিনেতা উল্লেখ করেন, দারোয়ানের কাছ থেকে তিনি জানতে পারেন—২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসার তালা ভেঙে মালামাল নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসার ভেতরের অবস্থা ভিডিও করে এবং নতুন তালা লাগিয়ে যায়।

এ বিষয়ে বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, অভিনেতার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Tags: লুট শুটিং অভিনেতা বাসা