প্রেমের গুঞ্জন নাট্যপাড়ায় অনেকদিন ধরেই টেলিভিশন নাটকের পাড়ায় কানাঘুষা চলছে যে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। জানা যায়, তানিয়া বৃষ্টির সঙ্গে আরশের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সুনেরাহর সঙ্গে তাঁর নৈকট্য বাড়ে। তবে এ বিষয়ে তাঁরা কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি। বরং, নিজেদের সম্পর্ককে ‘শুধুমাত্র সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়’ বলে দাবি করেছেন।
সুনেরাহর জন্মদিনের বার্তা সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) আরশের জন্মদিনে ন ডরাই খ্যাত অভিনেত্রী সুনেরাহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।” তাঁর এই বার্তাটিকে অনেকেই প্রেমের গুঞ্জনের সমর্থক হিসেবে দেখছেন।
ছবি ঘিরে আলোচনা-সমালোচনা গত মাসেই এই জুটির একটি রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে। ছবিটি সুনেরাহ নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করেছিলেন। এরপর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিনন্দন জানান, কেউ শুভকামনা প্রকাশ করেন, আবার অনেকে মন্তব্য করেন যে এটি হয়তো কোনো নাটকের দৃশ্য। এই ছবিটি ঘিরে তৈরি হওয়া গুঞ্জনে খানিকটা বিস্ময় প্রকাশ করেন সুনেরাহ। তিনি জানান, ছবিটি তিনি হঠাৎ করেই পোস্ট করেছিলেন এবং কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, তা তিনি বুঝতে পারেননি।
কর্মক্ষেত্রেও জুটি বাঁধলেন তারা অভিনেত্রী পরে বিষয়টি পরিষ্কার করে জানান, কিছুদিন আগে তাঁরা থাইল্যান্ডে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছেন। সব নাটকেই আরশ খান ছিলেন তাঁর সহশিল্পী। একটি দৃশ্যধারণের সময় এই ছবিটি তোলা হয়েছিল। যদিও বিভিন্ন অনুষ্ঠান বা আরো অনেক ছবিতেই তাদের একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ তাঁদের ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ নাটকে দেখা যায়। ছোটপর্দা থেকে তাঁরা এখন ওটিটি প্ল্যাটফর্মেও নিজেদের ছাপ রেখেছেন। গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টে সুনেরাহ-আরশকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে।