• দেশজুড়ে
  • এবার আর দিনের ভোট রাতে হবে না' : মিঠাপুকুরে প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার

এবার আর দিনের ভোট রাতে হবে না' : মিঠাপুকুরে প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার

দেশজুড়ে ১ মিনিট পড়া
এবার আর দিনের ভোট রাতে হবে না' : মিঠাপুকুরে প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মিঠাপুকুর মডেল মসজিদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেন, "একটা সময় দেশটা ছিল তাদের বাপের ছলাকলা, কিন্তু এখন আর সেটা নেই। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে, এবার আর দিনের ভোট রাতে হবে না।" তিনি কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, "অতীতের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা আমাদের মাথা থেকে ডিলিট করতে হবে। অতীতের কালি আমাদের এবারের কাজের মাধ্যমে মুছে ফেলতে হবে।" ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনের দিন আমরা আপনাদের গায়ে কোনো বাতাস পর্যন্ত লাগতে দেব না।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও ২৩ রংপুর-৫ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান। তিনি উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

​কর্মশালায় মিঠাপুকুর উপজেলার ১৫২টি ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রায় ২,৯০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসনের বি্ভিন্না পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সিনিয়র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, রংপুরের আয়োজনে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।

Tags: মিঠাপুকুর বিভাগীয় কমিশনার এবার আর দিনের ভোট রাতে হবে না' প্রশিক্ষণ কর্মশালায়