ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে পাওয়ার টিলারের নিচে পিষ্ট হয়ে মোঃ সাঈদী নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর বঠিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদী ওই গ্রামের মোঃ সাদেকুর ইসলামের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সাদেকুর ইসলাম নিজ বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্যে পাওয়ার টিলার নিয়ে বের হচ্ছিলেন। এসময় তার শিশু সন্তান সাঈদী চলন্ত পাওয়ার টিলারে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। এতে সে পাওয়ার টিলারের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। রুহিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, শিশু মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃবদরুদদ্দোজা চৌধুরী( ইতু)