শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সংসদ নির্বাচনের কার্যক্রম সাময়িকভাবে বাতিল বা স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন আইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রার্থীর মৃত্যুতে স্থগিত নির্বাচন
বুধবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য বৈধভাবে মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে যদি সেই প্রার্থীর মৃত্যু হয়, তাহলে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। পরবর্তীতে এই আসনে নতুন করে তপশিল ঘোষণা করা হবে।
যে আইনে নির্বাচন স্থগিত
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে। এই আইন অনুযায়ী, শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত করা হলো।
প্রার্থীর অসুস্থতা ও মৃত্যু
১১ দলীয় জোটের প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জামায়াতের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আলহাজ নুরুজ্জামান বাদল মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করা হয়েছে।