• বিনোদন
  • শুরু হলো ঢাবির ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’: টিএসসিতে বাংলা সিনেমার মিলনমেলা

শুরু হলো ঢাবির ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’: টিএসসিতে বাংলা সিনেমার মিলনমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে মাত্র ৫০ টাকায় দেখা যাবে মোট ২২টি চলচ্চিত্র।

বিনোদন ১ মিনিট পড়া
শুরু হলো ঢাবির ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’: টিএসসিতে বাংলা সিনেমার মিলনমেলা

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজন করেছে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই ২৪তম আসর চলবে আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টিএসসি প্রাঙ্গণে মাত্র ৫০ টাকা টিকিটে নতুন-পুরোনো মিলিয়ে মোট ২২টি চলচ্চিত্র উপভোগের সুযোগ পাবেন দর্শক। উৎসবের মাধ্যমে ঢাকাই সিনেমার হল সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার প্রত্যাশা করছে আয়োজকরা।

বাংলা চলচ্চিত্রের শিকড়ের সন্ধানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে মঙ্গলবার বিকাল ৫টায় এই উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মইনুদ্দিন খালিদ।

সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজকের যান্ত্রিক নগর জীবনে সবাই মিলে সিনেমা দেখাটা আর তেমন হয়ে ওঠে না। বিনোদনের জন্য এখন আছে সোশ্যাল মিডিয়া, সিনেমা দেখার জন্য আছে ওটিটি। তবে চলচ্চিত্র যেহেতু একপ্রকার সামাজিক শিল্পমাধ্যম, মানুষ সর্বদাই চেয়েছে সামাজিকভাবে চলচ্চিত্র উপভোগ করতে। আমরা চাই, টিএসসির এই বড় পর্দায় ঢাকাই সিনেমার হল সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনতে।”

১৯ পূর্ণদৈর্ঘ্য ও ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন ৪টি স্লটে সিনেমা দেখানো হবে: সকাল ১০টা, দুপুর ১২:৩০ মিনিট, বেলা ৩:৩০ মিনিট এবং সন্ধ্যা ৬:৩০ মিনিট। প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য মাত্র ৫০ টাকা রাখা হয়েছে, যাতে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ – সবাই সহজে এই উৎসবে অংশ নিতে পারেন।

ছয় দিনের উৎসবের সময়সূচি

উৎসবের পর্দা উঠেছে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

  • ৪ ফেব্রুয়ারি: সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।
  • ৫ ফেব্রুয়ারি: সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (স্বল্পদৈর্ঘ্য)।
  • ৬ ফেব্রুয়ারি: হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।
  • ৭ ফেব্রুয়ারি: তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

সমাপনী দিনের আয়োজন

৮ ফেব্রুয়ারি সমাপনী দিনে শুরুতে দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’ প্রদর্শিত হবে। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের ২৪তম আসরের।

আয়োজকরা জানান, প্রথম দিনেই প্রায় চারশত টিকিট বিক্রি হয়েছে, যা উৎসবের প্রতি দর্শকের বিপুল আগ্রহের প্রমাণ।

Tags: bangladesh cinema film screening dhaka university film society amar bhashar chalachitra bengali film festival tsc dufs