সংগীত ইতিহাসের ধ্রুবতারা এবং বিশ্ববিখ্যাত ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন কি তবে ফিরে এলেন? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে পপ সম্রাটের বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’-এর ট্রেলার। মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ভিডিওচিত্রে দর্শক যেন খুঁজে পেলেন সেই চিরচেনা জাদুকরী পারফরম্যান্স আর আইকনিক ‘মুনওয়াক’-এর স্রষ্টাকে। ট্রেলারটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
নেটদুনিয়ায় ঝোড়ো গতিতে ভাইরাল
গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ‘লায়নসগেট মুভিজ’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘মাইকেল’ (Michael) সিনেমার ট্রেলারটি উন্মোচন করা হয়। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৫ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে এটি নতুন রেকর্ড গড়েছে। ট্রেলারের প্রতিটি ফ্রেমে মাইকেলের জীবনের সংঘাত, সাফল্য এবং পর্দার পেছনের মানুষটিকে দেখার জন্য মুখিয়ে আছেন কোটি কোটি সিনেপ্রেমী। ডিজিটাল প্ল্যাটফর্মে ভক্তদের প্রতিক্রিয়া বলছে, এই বায়োপিক কেবল একটি সিনেমা নয়, বরং এক কিংবদন্তির প্রতি যথাযথ শ্রদ্ধার্ঘ্য হতে চলেছে।
বাস্তবের মাইকেল যেন ফিরে এলেন ভাইপোর শরীরে
এই বিগ বাজেট প্রোডাকশনের সবচেয়ে বড় চমক হলো কেন্দ্রীয় চরিত্র। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইপো জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ (Body Language), পোশাকের স্টাইল এবং নাচের প্রতিটি স্টেপ এতটাই নিখুঁত যে, অনেক ভক্তই মন্তব্য করেছেন—জাফারের মাঝে তারা জীবন্ত মাইকেল জ্যাকসনকেই দেখতে পাচ্ছেন। ট্রেলারে গায়কের শৈশব থেকে শুরু করে তারুন্যের শীর্ষে পৌঁছানো এবং গ্লোবাল আইকন হয়ে ওঠার বর্ণাঢ্য জার্নিটি নিপুণভাবে ফুটে উঠেছে।
নির্মাণে মুন্সিয়ানা ও তারকাবহুল কাস্টিং
বায়োপিকটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত মেধাবী লেখক জন লোগান। নির্মাতারা অত্যন্ত সতর্কতার সাথে কিংবদন্তির শৈশব, কৈশোর আর তারুণ্যকে এক সুতায় গেঁথেছেন। জাফার জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো খ্যাতিমান শিল্পীরা। সিনেমাটির প্রডাকশন ভ্যালু এবং সিনেমাটোগ্রাফি (Cinematography) আধুনিক বক্স অফিস স্ট্যান্ডার্ডকেও হার মানাবে বলে আশা করা হচ্ছে।
পপ সম্রাটের প্রয়াণ ও প্রতীক্ষিত মুক্তি
২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন মাইকেল জ্যাকসন। মৃত্যুর ১৬ বছর পরও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। সেই কিংবদন্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত ‘মাইকেল’ বায়োপিকটি চলতি বছরের আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলারটি মুক্তির পর এখন কেবল বড় পর্দায় সেই মহাজাদুকরের জীবনগাথা দেখার অপেক্ষায় দিন গুনছেন বিশ্ববাসী।