দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের (বিএসওএইচ) ১৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়। হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে শেষ হয়। র্যালিতে শতাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপরেই সেমিনার হলে স্মৃতিচারণ ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালের পথচলা ও অঙ্গীকার
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হক। হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি অধ্যাপক ডা. মো. শাহআলম। তাঁর সঞ্চালনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা স্মৃতিচারণ করেন। অধ্যাপক ডা. মো. শাহআলম বলেন, পান্থপথের ছোট্ট ভবন থেকে কল্যাণপুরের এই বিস্তৃত ক্যাম্পাসের পথচলা কেবল ইট-পাথরের পরিবর্তনের গল্প নয়, বরং একটি স্বপ্নের ক্রমবিকাশ এবং একটি অঙ্গীকারের ধারাবাহিকতার গল্প। তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের অতীতের সংগ্রাম, আমাদের বর্তমানের এই স্থিতিশীলতা ও প্রযুক্তিগত শক্তির ভিত্তি তৈরি করেছে।'
আধুনিক সুবিধা ও ভবিষ্যতের প্রত্যয়
অধ্যাপক ডা. মো. শাহআলম আরও বলেন, স্পাইন ও অর্থোপেডিক যত্নের সকল প্রকার আধুনিক সুবিধা এখন এদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি হাসপাতালের অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়নকে বিগত ১৫ বছরের সাফল্যের স্বাক্ষর ও ভবিষ্যতের জন্য নেওয়া আরও বড় অঙ্গীকারের দৃঢ়প্রত্যয় বলে উল্লেখ করেন।
সুস্থ বাংলাদেশ গড়ার আহ্বান
হাসপাতালের সহযোগী এন্ডোস্কপিক সার্জন ডা. মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, 'অঙ্গীকার, অগ্রযাত্রা এবং এক স্বপ্নদ্রষ্টার দৃঢ় পদচারণায় গড়ে ওঠা একটি স্বপ্নের বাস্তবায়ন। চলুন আমরা গড়ে তুলি একটি সুস্থ, সক্রিয় ও ব্যথামুক্ত বাংলাদেশ, এটিই হোক আমাদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।'