• বিনোদন
  • ২০ বছর পর ফিরছে শাহরুখ-ফারাহর ‘ম্যায় হু না ২’, বড় চমক ডাবল রোল!

২০ বছর পর ফিরছে শাহরুখ-ফারাহর ‘ম্যায় হু না ২’, বড় চমক ডাবল রোল!

প্রায় ২০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও পরিচালক ফারাহ খান। 'ম্যায় হু না ২' তে থাকছে বড় চমক।

বিনোদন ১ মিনিট পড়া
২০ বছর পর ফিরছে শাহরুখ-ফারাহর ‘ম্যায় হু না ২’, বড় চমক ডাবল রোল!

বলিউডে যেন ফের নস্টালজিয়ার ঢাকে কাঠি পড়েছে! ‘কিং’ সিনেমায় ‘ডন’ চরিত্রে শাহরুখ খানের প্রত্যাবর্তনের উন্মাদনার মধ্যেই এলো আরেকটি বিস্ফোরক খবর। দুই দশক আগে দেশপ্রেম, প্রেম আর বিনোদনের দারুণ মেলবন্ধন তৈরি করা ‘ম্যায় হু না’ ফিরছে নতুন রূপে। প্রায় ২০ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও হিটমেকার পরিচালক ফারাহ খান। এই সিক্যুয়েলে শাহরুখকে দেখা যাবে ডাবল রোলে, যা ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হবে।

কিং খানের দ্বৈত চরিত্র

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘ম্যায় হু না ২’ সিনেমায় ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে—শাহরুখের ডাবল রোল। চরিত্র দুটি দেখতে একই রকম হলেও তাদের ব্যক্তিত্বে থাকবে আকাশ-পাতাল পার্থক্য। এই ভিন্নধর্মী ডাবল রোলের কারণেই মূলত শাহরুখ প্রজেক্টটি করতে রাজি হয়েছেন বলে খবর। এর আগে শাহরুখ-ফারাহ জুটি ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন এবং ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ১২ বছর পর তারা ফের এক হতে চলেছেন।

গল্পে দেশপ্রেম ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ

প্রথম কিস্তিতে কর্নেল রাম প্রসাদ শর্মা (শাহরুখ খান) ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে একটি শান্তি মিশন সম্পন্ন করেছিলেন। জানা গেছে, দ্বিতীয় কিস্তিতেও সেই দেশপ্রেমের রেশ বজায় থাকছে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে, তা উঠে আসবে গল্পের পরতে পরতে। সিনেমাটিতে ভরপুর অ্যাকশন, কমেডি আর ড্রামার মিশ্রণ থাকবে।

ফের ফিরছেন পুরোনো তারকারা

‘ম্যায় হু না ২’-তে প্রথম পর্বের শিল্পীদের ফেরাতে চান পরিচালক ফারাহ খান। সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও এবং জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফারাহ খান অনেকদিন ধরেই এই সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছিলেন। চিত্রনাট্যের কাজ শেষ হতেই তিনি শাহরুখ খানের সঙ্গে আলোচনা করেন এবং কিং খানও চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন।

কবে শুরু হচ্ছে শুটিং?

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের মধ্যে শুটিং শেষ করে তিনি ছবির প্রচারণায় মনোনিবেশ করবেন। এরপরই ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিডিং সেশনে বসবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ‘কিং’-এর মুক্তির পরপরই এই মেগা প্রজেক্টের কাজ শুরু হবে। এক দশকেরও বেশি সময় পর ফারাহ-শাহরুখ জুটির এই কামব্যাক এবং পর্দার সেই চেনা চরিত্রদের ফিরে পাওয়া ভক্তদের কাছে হবে বড় এক উপহারের মতো। এখন কেবল অফিশিয়াল ঘোষণার অপেক্ষা।

Tags: entertainment bollywood farah khan shah rukh khan upcoming movie double role main hoon na 2