মাথাব্যথা ও ব্রেন টিউমার: যোগসূত্র কী?
আমেরিকান ব্রেন টিউমার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়তে থাকা মাথাব্যথা মস্তিষ্কের টিউমারের একটি সাধারণ লক্ষণ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই মাথাব্যথার কারণ নিরীহ এবং অন্য কিছু। টিউমারের আকার, অবস্থান এবং মস্তিষ্কের কোন অংশে চাপ সৃষ্টি করছে—এসবের ওপর নির্ভর করে এর লক্ষণ ভিন্ন হতে পারে। টিউমার বড় হয়ে মস্তিষ্কের স্নায়ুর ওপর চাপ ফেললে মাথাব্যথা শুরু হয়।
ব্রেন টিউমারের মাথাব্যথা কেমন হতে পারে?
চিকিৎসকদের মতে, মস্তিষ্কের টিউমারের কারণে হওয়া মাথাব্যথা অনেক সময় মাইগ্রেন বা টেনশনের মাথাব্যথা থেকে আলাদা হয়ে থাকে। এর কিছু সাধারণ লক্ষণ:
- এমন মাথাব্যথা, যা রাতে ঘুম ভেঙে দেয়।
- শরীরের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যথার ধরন বদলে যাওয়া।
- সাধারণ ব্যথানাশক ওষুধে কাজ না করা।
- কয়েক দিন বা সপ্তাহ ধরে স্থায়ী মাথাব্যথা।
- ঘন ঘন মাথাব্যথা নিয়ে ঘুম থেকে ওঠা।
তবে সকালে মাথাব্যথা হওয়ার পেছনে স্লিপ অ্যাপনিয়ার মতো অন্য কারণও থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
চিকিৎসকদের মতে, নতুন ধরনের বা অস্বাভাবিক মাথাব্যথা হলে সেটিকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে যদি ব্যথা ক্রমাগত বাড়তে থাকে এবং সাধারণ চিকিৎসায় না কমে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিচের লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত:
- শরীরে আগে থেকেই ক্যান্সার ধরা পড়েছে এবং নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে।
- মাথাব্যথা ক্রমাগত বাড়ছে এবং দৈনন্দিন কাজ ব্যাহত করছে।
- মাথা ঘোরা বা ভারসাম্য হারানো।
- মাথার পেছনে চাপ অনুভব হওয়া।
- বমি বমি ভাব বা বমির সঙ্গে মাথাব্যথা।
- খিঁচুনি হওয়া বা কথা বলতে অসুবিধা।
- ঝাপসা বা দ্বিগুণ দেখা, এমনকি দৃষ্টিশক্তি কমে যাওয়া।
- ব্যক্তিত্বের পরিবর্তন, অকারণে বিভ্রান্ত হওয়া বা মানসিকভাবে গুটিয়ে যাওয়া।
- শরীরের একপাশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া বা অনুভূতি কমে যাওয়া।
সব মাথাব্যথাই কি বিপজ্জনক?
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ মাথাব্যথা গুরুতর নয় এবং সাধারণ কারণেই হয়ে থাকে। তবে যে কোনো মাথাব্যথা যদি ক্রমাগত বাড়তে থাকে এবং সাধারণ চিকিৎসায় না কমে, তাহলে তা পরীক্ষা করানো জরুরি। যদি মাথাব্যথার সঙ্গে অস্বাভাবিক উপসর্গ যোগ হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।