• দেশজুড়ে
  • চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

দেশজুড়ে ১ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় দুই দলেরই নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুজন হলেন দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান (৩২) এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক (২৭)। তারা রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আহত তিনজন সমর্থকের নাম জানানো হয়েছে।

তারা হলেন- স্থানীয় বাসিন্দা মুজিবর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন বলেন, রাতে বিএনপির একটি মিছিল উজলপুর এলাকায় আসে। এ সময় তাদের কয়েকজন সমর্থক আমাদের নির্বাচনী অফিসের সামনে এসে মাতলামো ও বিশৃঙ্খল আচরণ করে। এতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তারা হামলা চালায়।

পরে ঘটনাস্থলে গেলে আমাদের দুজন নেতাকর্মীকে মারধর করা হয় এবং অফিসের চেয়ার ভাঙচুর করা হয়। তবে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন। অন্যদিকে দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম হোসেন বলেন, তার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছিল। মিছিলে স্লোগানের সঙ্গে কয়েকজন সমর্থক নাচছিলেন। এ সময় জামায়াতের নির্বাচনী অফিসে থাকা নেতাকর্মীরা আমাদের সমর্থকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।

এর প্রতিবাদ জানালে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আমাদের তিনজন সমর্থক আহত হন এবং জামায়াতের নেতাকর্মীরা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করে। তিনি আরও দাবি করেন, জামায়াতের নির্বাচনী অফিস ভাঙচুর ও তাদের আহত হওয়ার অভিযোগ সঠিক নয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাত ১২টার দিকে মেহেদী হাসান ও হাসান তারেক নামে দুজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। একজনের মাথায় এবং অপরজনের বাম চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছাড়েন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুজন এবং বিএনপির একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে জামায়াতের একটি নির্বাচনী অফিসে ভাঙা চেয়ার পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

Tags: আহত ৫ চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া